তৃনাঞ্জন চট্টোপাধ্যায় – মাত্র কয়েক ঘন্টায় অপরাধী পুলিশের জালে, কাজোড়া মোড়ের কাছে জাতীয় সড়কের ওপর লক্ষাধিক টাকার ব্যাগ ছিনতাই। খবর পেয়ে পুলিশের ধাওয়া।ছিনতাইকারীরা গাড়ীর জানলা দিয়ে টাকা ছড়াচ্ছে। অবশেষে গাড়ী থামাতে সক্ষম পুলিশ । পুলিশের জালে ২ অপরাধী ছিনতাইবাজ , পরে ঘটনার মুল চক্রী গ্রেপ্তার , উদ্ধার টাকা ও আগ্নেয়াস্ত্র। সব মিলিয়ে এক রোমহর্ষক চিত্রনাট্যের পরিসমাপ্তি। শুনলে অবাক লাগবে। মনে হবে যেন সিনেমার গল্প। কিন্তু দেখলে মনে হবে এটাই বাস্তব। Police
সোমবার জামুরিয়ার বেসরকারী সংস্থায় কর্মরত এক ঠিকেদার সংস্থার কর্মী ৪ লক্ষের ও বেশী টাকা একটি ব্যাগে নিয়ে দুর্গাপুর থেকে জামুড়িয়ার দিকে বাইকে যাচ্ছিলেন। দুর্গাপুরের ব্যাঙ্ক থেকে টাকা তুলে সংস্থার কর্মীদের বেতন দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। সে সময় একটি চারচাকা গাড়ীতে বেশ কয়েকজন দুষ্কৃতী ওই বাইক আরোহীকে ধাওয়া করে কাজোড়া ফ্লাইওভারের কাছে আটকায়। এরপর ওই কর্মীর কাছ থেকে টাকার ব্যাগটি ছিনতাই করে পালায়। সঙ্গে সঙ্গে ওই কর্মী ঠিকেদার সংস্থার উচ্চ আধিকারিকদের ঘটনাটি জানান। সংস্থার আধিকারিক অরূপ চ্যাটার্জী ঘটনাটি ১০০ ডায়ালে জানালে অন্ডাল থানার পুলিশ খবর পেয়ে গাড়ীটিকে ধাওয়া করে। গাড়ীটি আসানসোলের দিকে পালাতে থাকে। ইতিমধ্যেই সব কটি পুলিশ পোস্ট কে গাড়ীটির বিবরন দিয়ে জানিয়ে দেওয়া হয়।
Police in action, মাত্র কয়েক ঘন্টায় অপরাধী পুলিশের জালে
পালানোর সময় গাড়ী থেকে মুঠো মুঠো টাকা ছড়াতে থাকে দুষ্কৃতীরা। একের পর এক পুলিশী ব্যারিকেড ভেঙ্গে দুষ্কৃতীরা পালাতে থাকে। অবশেষে দুষ্কৃতীরা জাতীয় সড়ক ছেড়ে বারাবনির দিকে পালানোর সময় পুলিশ তাদের ধরে নেয়। মোট ২ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। ধৃতদের নাম বিকাশ সিং ও রনজিত বাউরি , বিকাশের বাড়ী নিমচা ও রঞ্জিতের বাড়ী বারাবনীর মদনপুরে। পরে ওই বেসরকারী সংস্থার এক কর্মী রাজু কাজীকে জামুড়িয়া থেকে গ্রেপ্তার করে পুলিশ। এই রাজু কাজীই ছিল সোর্স , যার মারফৎ ছিনতাইবাজরা জানতে পারে যে ওই সময় ওই ব্যক্তি টাকার ব্যাগ নিয়ে কাজোড়া মোড় দিয়ে যাবে।
দু-ঘন্টারও কম সময়ে দুষ্কৃতীদের ধাওয়া করে গ্রেপ্তার করতে সক্ষম হলে শেষ হয় পুলিশের রুদ্ধশ্বাস চেজিং। গাড়ী থেকে উদ্ধার হয় টাকা ও একটি আগ্নেয়াস্ত্র। ধৃতদের দুর্গাপুর আদালতে আজ পেশ করে পুলিশী হেফাজতের আবেদন জানাবে। সংস্থার পক্ষে অরূপ চ্যাটার্জী পুলিশের এই সাফল্যে ধন্যবাদ জানিয়েছেন। ডিসিপি (পুর্ব) অভিষেক গুপ্তা জানান যে প্রায় ৫ থেকে ৬ জন এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে। ধৃতদের হেফাজতে নিয়ে বাকিদেরও অবিলম্বে গ্রেপ্তার করা হবে। দেড় ঘন্টারও কম সময়ে এদিনের অপারেশনটি শেষ হয়েছে বলে জানান এই পুলিশ আধিকারিক।

